ডঃ দেবোপম চক্রবর্তী

চিত্র – অদিতি চক্রবর্তী
ফুলের নাচন , ফুলের সুবাস
গুঞ্জরিত মৌমাছিদের গানে –
মুগ্ধচোখের ভালবাসা
সেই ফুলেরই টানে ।
মাটির কাছে , মাটির বুকে
হয়না যে কান পাতা –
সিক্ত করে ফুল ফুটিয়ে
রিক্ত হবার ব্যাথা ।
আকাশভেঙে বৃষ্টি নামে
সবুজ ছড়ায় সারা ভুবনজুড়ে-
বৃষ্টি ভেজা চঞ্চলতা
এল শ্রাবণ ভরে ।
মেঘের কথা, মেঘের ঘনঘটা
হয়না তেমন বলা –
আগলভাঙা বজ্রনাদে
বিলিয়ে দেবার পালা ।
শীতের দুঃখ, শীতের কাঁপন
ভুলিয়ে দিল সূর্য আদর করে-
নরম আলোর চাদর ঘেরা
নতুন রোদের ভোরে ।
সেই কথা, সেই বিষম দহন জ্বালায়
হয়না প্রলেপ দেওয়া-
সূর্য জ্বলুক যাক পুড়ে যাক
মোদের শুধু চাওয়া ।
রিক্ত মাটি , মেঘের বেদন
সূর্যি মামার সঙ্গে আপন মনে –
দুখের কথা নিবিড় করে
কান্না যদি আনে ?
তোমার আমার জটিল নির্মমতা
হারাবে কি ভাষা ?
আসুক সেদিন ঝড়ের আগুন
ভাঙুক স্বার্থ নেশা ।