শুভজিৎ ঘোষ

চিত্র – অদিতি চক্রবর্তী
নিজস্ব একটা গল্প লিখে
বুকপকেটে রাখা ছিল
কোন ফাঁকে হারিয়ে ফেলেছি,
হৃদপিন্ড হাতড়ে আর পাচ্ছি না ,
সবখানেই বড় বড় ছ্যাঁদা
তারই কোনো একটার মধ্যে দিয়ে গলে পড়েছে নিশ্চয়ই !
বেশ জমিয়ে লিখেছিলাম গল্পটা, জানেন !
রহস্যময় আলোআঁধারি ঘটনার বুনন ছিল,
আকর্ষণীয় সব চরিত্রের চিত্রায়ন,
আমি নিজেও ছিলাম ওদের মধ্যে লুকিয়ে ,
যে কথাগুলো অনেকদিন বলতে চেয়ে
সাহস করে বলতে পারি নি
চরিত্রগুলোকে দিয়ে সেগুলো বলিয়েছিলাম ,
কথাগুলোর নিন্দে হলে ওদের হতো
আমার দায় ছিল না কিছু ।
পাঠক, আপনাদেরকে শোনাব বলে লিখেছিলাম
সোনালী ফড়িং আর সবুজ টিয়াপাখির
লাভ জেহাদের কথা,
সগেন মাহাতোর বাঘের সঙ্গে আর
ফুল্লরাদিদির অভিশাপের সঙ্গে লড়াইয়ের কথা,
লেখা ছিল ওদের বৃষ্টিফোটা ছোঁয়ার আনন্দ
ওদের আকাশ না ছোঁয়ার যন্ত্রণা ।
ইচ্ছে ছিল গল্পটা পত্রিকায় ছাপাব,
আপনারা পড়বেন,
ফড়িং , ফুল্লরা, সগেনের কথা জানবেন !
অজানার আড়াল থেকে ওরা একটু পরিচিতি পাবে।
কিন্তু ঐ যে বলে , 'কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি ?'
তাই, লেখাটা হারিয়ে গেল বুকের ফুটো দিয়ে,
ওটা আর কোনদিন ছাপা হবে না ।