সুশান্ত কুমার দাস

আজকাল মাঝে মাঝে আমার কান্না পায়-
জানি না কী এক অজানা বেদনায়
এই শেষ বয়সে আমার সময়ে
কতবার হয়েছে অপচয়
আমার এই বেদনার উৎস জানার চিন্তাভাবনায়
সেইসব সহপাঠী ও শিক্ষকদের স্মৃতি থাকে মনে
যারা ছিল অতিপ্রিয়, বরণীয়
শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে
কথা ছিল তাদের সাথে দেখা হবে
প্রাক্তন সময়ে প্রতি বছরে
ভাগ্যের পরিহাসে কর্মজীবনে
থিতু আছি বহু দূরে, দেশান্তরে
কারোর সাথে আর দেখা হয় নাই এ জীবনে
এই অপূর্ণ আশার বেদনাতেই
কান্না জাগে মনে খনে
জীবনে চলার পথে
যারা মুখ থুবড়ে পড়েছে পঙ্কিল মাটিতে
অনটনে, নেশাতুর কবলে
কিংবা সংসারের সেই সীমাহীন অক্লান্তিতে
আমি তো তাদের কারো পাশে দাঁড়াতে পারি নাই
আলো হাতে ধরতে পারি নাই
আমার কিছুটা সময় তাদের দিতে পারি নাই
পিছনে চেয়ে দেখি
আমার জীবন কেটেছে শুধুই
নিজের শখ, সুখ অন্বেষণে
হয়তো এই গ্লানি আর অপরাধবোধই
কান্না জাগায় আমার অবচেতন মনে