বাপ্পাদিত্য চ্যাটার্জ্জী

তুই-ই প্রথম শিখিয়েছিলি
অন্ধকারে আকাশ দেখা,
নিয়ন আলোর গণ্ডি ছেড়ে
তারার মালা গুনতে শেখা।
তুই-ই প্রথম দেখিয়েছিলি
বন্ধু, শুধু বন্ধুই হয়,
ভালোবাসা আর বিশ্বাসে,
সে ছেলে বা মেয়ে নয়।
তুই-ই প্রথম বুঝিয়েছিলি
পাহাড় শুধু দেখতে নয়,
হৃদয় ভরা অনুরাগে
পাহাড় ভালোবাসতে হয়।
তুই-ই প্রথম শিখিয়েছিলি
চড়াই-উৎরাইয়ে হাঁটতে যাওয়া,
জোনাকি জ্বলা জঙ্গল পথে
নিজের নিজেকে খুঁজে পাওয়া।
জানিস, ইচ্ছে-গুলো আজও বেঁচে,
মনের কোণে, হয়তো দায়িত্বের আড়ালে।
হয়তো আজও পাহাড় ভাঙতাম,
তুই যদি না যেতিস চলে।
জীবন চলছে নিজের মতো,
স্বাভাবিকতায় মোড়া,
দিনের শেষে ভালোবাসার
লোকের কাছে ফেরা।
তবুও জানিস, বুকের মাঝে,
অতি সূক্ষ্ম দুঃখ জাগে।
পাহাড়, নদী দেখতে গেলে
তোকে খুঁজি তাই সবার আগে।
হয়তো একদিন পরজন্মের কোনো সীমানায়,
তোর হাত ধরে দাঁড়াবো আবার
গহীন বনে বা পাহাড়চূড়োয়।
চাঁদের আলোয় চড়বো পাহাড়,
বা মন ভরিয়ে সূর্যস্নান,
হাতে হাত রেখে, চিৎকার করে
বেসুরো গলায় গাইবো সে গান,
“আরো একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই।