Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

উচ্চাকাঙ্খা

শান্তনু দে

 

রজনীগন্ধা  ফুল ফুটেছিল  বাগানের  এক কোণে

ভ্রমর শুধালো  তাকে উড়ে এসে মৃদু মৃদু গুঞ্জনে ।

তুমি সুন্দর, অপূর্ব রূপ, ক্ষীণকায়া  মনোরমা

তবু জেনো ফুলের জগতে কমলই সর্ব্বত্তমা ।

আমি কি পারবো হতে সে কমল? শুধালো  রজনীগন্ধা

তাকি হয়? বলে  উড়ে  গেল অলি, ঘনিয়ে  আসলো  সন্ধ্যা ।

 

রজনীগন্ধা  বসে  ভাবে এক কমল ফুলের  কথা

ঈর্ষা কাতর হল তার প্রাণ, জাগলো মর্ম ব্যাথা ।

ভ্রমরের কথা মনে পড়ে যায়, কমল সর্ব্বত্তম

বলে মনে মনে, হে বিধাতা কেন দিলে এ বৃথা জনম ।

যদি না হলাম রূপে শ্রেষ্ঠ, না পেলাম সে কদর

তবে  কেন থাকি অনাদরে, কি লাভ এ জীবনে মোর ।

দাও না আমাকে কমল বানিয়ে, দাও রূপ অনুপম

আমি-ও হব এ জগতে শ্রেষ্ঠ, হব সর্ব্বত্তম ।

 

বৃথা প্রার্থনা বিধি না শুনলো, চাঁদ হাসে মিটিমিটি

আকুল বাতাস বয়ে যায় যেন সহানুভূতির গীতি ।

নিদারুণ সে যন্ত্রণা যেন ছিঁড়ে যায় তার প্রাণ

গাছের  পাতার মর্মর ধ্বনি মূর্ত্ত সে অভিমান ।

অমল প্রভাতে স্বর্ণ কিরণে  ভ্রমর আসে  তার কাছে

দেখে সেই কোণে  রাত্রির শেষে রজনীগন্ধা শুকিয়াছে ।

পারেনি  মানতে হৃদয় তার যে সে কারো কাছে নত

চেষ্টা করেছে  হতে যে পারেনি, ঝরেছে  বেদনাহত ।

Go Back

Comment

Protected by Mathcha