দেবোপম চক্রবর্ত্তী

কোলাহল তো অনেক হল
অনেক হল কথকতা-
এবার তোমায় সাজিয়ে দেব
একলা রাতের নীরবতা।
হোয়াটস্অ্যাপের হাসির মত
মিথ্যে যত স্তাবকতা-
নাইবা দিলাম, তোমায় দেব
আপন যত বিহ্বলতা।
গোলাপ জুঁইয়ের গন্ধভরা
সাজানো সব তত্ত্বকথা-
দেব না আর, দেব এবার
শুকনো ফুলের গোপন ব্যাথা।
আকাশভরা প্রতিশ্রুতি
অলীকসুখের বাস্তবতা-
তোমায় না হয় দিলাম শুধু
স্মৃতিমেদুর বিষণ্ণতা।
সাদা কালোয় মুখ লুকিয়ে
মনভোলানো মুখরতা।
মুখোশ খুলে – এবার দেব
মুখের নিবিড় সরলতা।