Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

কিছু এলোমেলো বিষণ্ণ কথা- একাকিত্বের জন্য

অঙ্কুর চক্রবর্ত্তী

লাস্ট ট্রেন ধরে চাঁদ বাড়ি ফিরে যাবার পর,

নোটবুকে জ্যোৎস্না টুকে রাখে রাত;

অন্তবিহীন কোন এক শহরে বাইপাসের ধারে,

রেললাইনের পাশের ধানক্ষেতে,

একা ডেকে ফিরে যায় লক্ষ্মীপেঁচা;

সে ডাক তুমি কখনো শোননি।

 

চালকল থেকে ভেসে আসা পাকা ধানের গন্ধ পেরিয়ে,

অনেক বেশি রাতে,

আলো ঝলমল শহর থেকে নিঃঝুম মফঃস্বলের পথে

বাড়ি ফেরে কেউ।

তার মুখ তুমি কখনো দেখোনি।

 

বুকের মধ্যে চাষ করা একপো প্রেমের ধান

স্মৃতির আলপথ পেরিয়ে

মাথাচাড়া দেয় বেড়ে ওঠার সাক্ষী হয়ে;

রাতের মায়াবী আঁধারে কুয়াশা মেখে

স্নান করে ওঠা শিউলির

পবিত্রতা তুমি দেখোনি কোনদিন।

 

কারণ তুমি মফঃস্বল দেখোনি।

তুমি কোলকাতার মেয়ে;

কল্লোলিনী তিলোত্তমা যে শহরের নাম,

আর আমার শহর বর্দ্ধমান…

তাই তোমার শহরের যা কিছু বিপণ্ণ—

ময়দানের চড়ুইগুলো,

ভিক্টোরিয়ার পরীটা,

ক্রমশঃ ক্ষীণ হয়ে মিলিয়ে আসা ট্রামলাইনগুলো আর

একটু একটু করে হারিয়ে যাওয়া

পার্কস্ট্রিট সিমেট্রির শ্যাওলা-ধরা পাঁচিলটার মত,

আরো অনেক কিছু তোমার জন্যে রইলো…

 

যদিও জানি, এসব কোন কিছুর তোয়াক্কা না করে

একদিন অনেক ভোরের ফ্লাইটে

ব্যস্ত-সমস্ত হয়ে তুমিও কোথাও চলে যাবে

কিছুদিন পিকচার পোস্টকার্ড পাঠাবে

কিছুদিন ফেসবুকে ছবি লাগাবে

তারপর সব থেমে যাবে।

 

আসলে জীবন তো থামে না

তাই আর বাকি সব থেমে যেতে বাধ্য হয়

কখনো কোন ব্যস্ত দুপুরে

খুঁজে দেখো

কোথাও কোনো না-দেওয়া চিঠি

না খোলা খাম

পড়ে থাকতেও পারে।

Go Back

Comment

Protected by Mathcha