সুমিতা সাঁতরা
নাইবা হলেম তোমার প্রিয়তমা,
চিরসখী আমি তোমার -
আমার এ সখীত্ব ধন্য
তোমার সান্নিধ্যে পরিপূর্ণ।
নাইবা হলেম তোমার রাধা,
মীরা আমি তোমার –
আমার এ সাধনা ধন্য
তুমি যে অনন্য।
নাইবা হলেম তোমার রানী,
রাজপুত্তুর তুমি আমার -
আমার এ হৃদয় ধন্য
তোমার স্পন্দনে স্পন্দিত ঘনঘন।
নাইবা হলেম তোমার রজনীগন্ধা,
বসন্তসন্ধ্যা তুমি আমার -
আমার এ সন্ধ্যা ধন্য
তোমার দখিনা আবেশে মগ্ন।
নাইবা হলেম তোমার চাঁদ,
জোনাকি আমি তোমার -
আমার এ আলো ধন্য
তোমার পূর্ণিমায় এক ক্ষুদ্র সুবর্ণ।